পিরোজপুর

পিরোজপুরে জ্বালানি তেলের সুষ্ঠু তদারকিতে ফিলিং স্টেশনে বসছেন ট্যাগ অফিসার

পিরোজপুর, ২৯ মার্চ – পিরোজপুর জেলায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু তদারকির লক্ষ্যে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময়সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি জানান যে, জেলার প্রতিটি ফিলিং স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিযুক্ত থাকবেন। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে এবং জনদুর্ভোগ লাঘব করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

এর অংশ হিসেবে হেলমেট এবং সঠিক রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরসাইকেল চালককে তেল সরবরাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নির্ধারিত স্লিপ ছাড়া অন্য কোনো যানবাহনকেও জ্বালানি তেল দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

এই মতবিনিময়সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল, মেজর ইসরাক, জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাশাপাশি জ্বালানি তেলের ডিপো এবং ফিলিং স্টেশনগুলোর প্রতিনিধিরাও এই সভায় অংশগ্রহণ করে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। এ এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language