জাতীয়

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়াল সাড়ে ৪১ লাখ, বাড়ছে সময় বাড়ানোর আবেদন

ঢাকা, ২৯ মার্চ – জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর জানিয়েছে, ব্যক্তিশ্রেণির সাড়ে ৪১ লাখ করদাতা এ পর্যন্ত অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। এর পাশাপাশি রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদনও উল্লেখযোগ্য হারে বাড়ছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করায় অনলাইনে আবেদন দাখিলে করদাতাদের ব্যাপক সাড়া মিলেছে।

২০২৫ থেকে ২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে ই রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে তাদের রিটার্ন জমা দিয়েছেন।

এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় কয়েক দফা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় পাওয়ার সুযোগ থাকায় অনেকেই সেজন্য অনলাইনে আবেদন করছেন। আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়াটি সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এনবিআর অনলাইন সিস্টেম চালু করেছে।

করদাতারা ই রিটার্ন সিস্টেমে লগইন করে টাইম এক্সটেনশন মেন্যু ব্যবহারের মাধ্যমে সহজেই সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েকদিনে পাঁচ হাজারের বেশি করদাতা এই আবেদন করেছেন এবং বেশিরভাগেরই আবেদন অনলাইনেই মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার এই অনুমোদন দিচ্ছেন। সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে। যারা এখনো রিটার্ন দাখিল করেননি এবং জরিমানা এড়াতে চান, তাদের অবশ্যই ৩১ মার্চের মধ্যে সময় বৃদ্ধির আবেদন করতে হবে।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language