সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, এক সপ্তাহে ২৯ সেনা আহত

রিয়াদ, ২৮ মার্চ – সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ধারাবাহিক হামলায় গত এক সপ্তাহে অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন নিক্ষেপ করে। এই হামলায় কমপক্ষে ১৫ জন মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে জানিয়েছিল যে, এই হামলায় ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং দুজনের অবস্থা গুরুতর। এর আগে গত ২৩ মার্চ সোমবারও একই ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান।
মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, ওই দিনের হামলায় ১৪ জন মার্কিন সেনা আহত হয়েছিলেন।
হোয়াইট হাউসের তথ্যমতে, সৌদি আরবে বর্তমানে দুই হাজার ৩২১ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা মূলত সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পরিচালনা এবং মার্কিন সামরিক উড়োজাহাজের কার্যক্রমে সহায়তা প্রদান করে থাকে।
রিয়াদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থাড প্রতিরক্ষাব্যবস্থার মতো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পরিচালনার জন্য এসব সেনা মোতায়েন করা হয়েছে। গত ১ মার্চ প্রথমবারের মতো প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন। তাদের মধ্যে ২৬ বছর বয়সী সার্জেন্ট বেঞ্জামিন এন পেনিংটন কয়েক দিন আগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









