মানিকগঞ্জ

পাটুরিয়া ঘাটে ‘কেরামত আলী’ ফেরিতে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা

মানিকগঞ্জ, ২৭ মার্চ – মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার পরপরই ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ফেরিতে থাকা যাত্রী, গাড়িচালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট থেকে কিছুটা দূরে যাওয়ার পরই আগুনের সূত্রপাত হয়। জীবন বাঁচাতে যাত্রীরা চিৎকার করে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। তবে ফেরির কর্মচারীরা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরির সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে যাওয়ায় এই সামান্য আগুন ও কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় ফেরি বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language