জাতীয়

দেশে তেলের সংকট নেই, কালোবাজারি রুখতে ডিসি-এসপিদের নির্দেশ: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ, ২৭ মার্চ – দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, যুদ্ধের কারণে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পেট্রলপাম্পগুলোতে অতিরিক্ত তেল সংগ্রহ করা হচ্ছে। আগে একটি পাম্পে দিনে এক লরি তেল প্রয়োজন হলেও এখন তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই চাহিদা বৃদ্ধির পেছনে কালোবাজারি এবং দুর্নীতি জড়িত রয়েছে। ইতোমধ্যে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কালোবাজারির অভিযোগে তেল জব্দ করা হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিবিড় পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী জনগণকে তাদের প্রকৃত চাহিদার চেয়ে অতিরিক্ত তেল মজুত না করার আহ্বান জানান। কেউ তেল মজুত বা কালোবাজারি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করারও অনুরোধ করেন তিনি।

সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুৎ বর্তমানে বড় ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীও এই খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সিরাজগঞ্জে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এবং ভবিষ্যতে এখানে ৩৫০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যার ফলে পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। পরিদর্শনকালে তিনি সৌরবিদ্যুৎ কেন্দ্র এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা বিএনপির সহসভাপতি শ্রী অমরকৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে মন্ত্রী সয়দাবাদে জাজিরা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন এবং কামারখন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এস এম/ ২৭ মার্চ ২০২৬

Back to top button
🌐 Read in Your Language