বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ভিড়, তবে অব্যবস্থাপনায় হতাশা

মানিকগঞ্জ, ২৫ মার্চ – ঈদ উৎসবকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলায় বিনোদনের জন্য পর্যাপ্ত স্থান না থাকায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ঐতিহ্যবাহী এই স্থাপনা দেখতে ছুটে আসছেন। তবে প্রাচীন এই নিদর্শন দেখে দর্শনার্থীরা মুগ্ধ হলেও নানা অব্যবস্থাপনায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ১৯ শতকে নির্মিত কারুকার্যখচিত এই জমিদার বাড়ির অন্দরমহলের সাতটি সানবাঁধা ঘাটের পুকুরে পানি নেই। এছাড়া সামনের বিশাল পুকুরটি ময়লা ও আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে।
ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মিজানুর রহমান জানান যে তিনি আগে যখন এসেছিলেন তখন পুকুরটি পানিতে পূর্ণ ছিল এবং লাল পদ্মফুল দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিত। কিন্তু এবার সেই জৌলুস আর নেই। টাঙ্গাইলের ঘাটাইল থেকে আসা কলেজ শিক্ষার্থী কথা জানান যে জমিদার বাড়ির নির্মাণশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর হলেও এখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে।
বিশুদ্ধ খাবার পানি, বসার স্থান এবং পরিষ্কার শৌচাগার না থাকায় তিনি হতাশা ব্যক্ত করেন। পর্যটকদের আকৃষ্ট করতে দ্রুত এই জমিদার বাড়িটি সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। এ বিষয়ে বালিয়াটি জমিদার বাড়ির সহকারী কাস্টোডিয়ান মুহাম্মদ নিয়াজ মাকদুম জানান দর্শনার্থীদের চাহিদার তুলনায় তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব ঘাটতি পূরণ করা সম্ভব হলে ভবিষ্যতে দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ২৫ মার্চ ২০২৬









