২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা, ২৫ মার্চ – প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়।
অধিদফতরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত অন্যান্য সকল জেলায় ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা পর্যন্ত চলবে।
অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার পরীক্ষার্থীদের জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে পার্বত্য জেলাগুলোর বৃত্তি পরীক্ষা সম্পন্ন হবে।
এস এম/ ২৫ মার্চ ২০২৬









