শিক্ষা

এসএসসিতে পাসের হার হ্রাস, গণিত ও ইংরেজিতেই বড় হোঁচট

ঢাকা, ১০ আগস্ট – ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের সব শিক্ষা বোর্ডেই ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলকভাবে বড় সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দেশের সব শিক্ষা বোর্ডেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বোর্ডে ইংরেজিতে ৭৮.৪০ শতাংশ এবং গণিতে ৮২.৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৭৪.৭ শতাংশ এবং গণিতে ৭৭.১৭ শতাংশ, কুমিল্লায় ইংরেজিতে ৮১.২৯ শতাংশ এবং গণিতে ৮১.৭৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যান্য বোর্ডের মধ্যে যশোরে ইংরেজিতে ৭১.৮৪ শতাংশ এবং গণিতে ৮৩.৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

চট্টগ্রাম বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭২.২৭ এবং গণিতে ৮০.০৫ শতাংশ। বরিশাল বোর্ডে ইংরেজিতে ৬৯.২৪ এবং গণিতে ৭৭.৯৮ শতাংশ, সিলেটে ইংরেজিতে ৬৯.১১ এবং গণিতে ৭৫.৯৬ শতাংশ, দিনাজপুরে ইংরেজিতে ৭২.৯১ এবং গণিতে ৭১.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬.৬৪ শতাংশ এবং গণিতে ৬৯.৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৯.২১ শতাংশ এবং গণিতে ৬৯.৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৯৪.৭৯ শতাংশ এবং গণিতে ৭০.৯২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদিকে এবারের পরীক্ষায় আইসিটি বিষয়ে অধিকাংশ বোর্ডে প্রায় শতভাগ পাস করেছে।

রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের উপরে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে এই হার ৯৮ শতাংশ।

সারাদেশে এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। এছাড়া এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। কেবল ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪.০৫ শতাংশ।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button