এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ

ঢাকা, ১০ আগস্ট – চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ফল প্রকাশের পাশাপাশি বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত পোর্টালে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে।
পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরেই খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল স্ক্রিনে দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ফি প্রদান করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে।
যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ ও সোনালী সেবা ব্যবহার করা যাবে। ফি জমা দেওয়ার পর পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে।
একবার আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে পুনরায় একই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। তবে ফি পরিশোধের আগে চাইলে আবেদন সংশোধন করা সম্ভব হলেও ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন বা অর্থ ফেরত পাওয়া যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এস এম/ ১০ আগস্ট ২০২৬









