জাতীয়

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে রাতের তাপমাত্রা

ঢাকা, ২৩ মার্চ – গত ছয় ঘণ্টায় রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের মতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর ফলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ছয়টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language