খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

খাগড়াছড়ি, ২৩ মার্চ – ঈদের তৃতীয় দিনেও খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সোমবার জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝর্ণা, তারেং, মায়াবিনী লেক, মানিকছড়ির ডিসি পার্ক এবং খাগড়াছড়ি হয়ে সাজেকগামী পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে।
টানা ছুটির কারণে পরিবার ও পরিজন নিয়ে পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পাহাড়ের এই মনোমুগ্ধকর পরিবেশ পর্যটকদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে। জেলা পরিষদ পার্কে শিশুদের জন্য রয়েছে বাড়তি আকর্ষণ। সেখানে তারা বিভিন্ন রাইড এবং খেলনায় চড়ে আনন্দে মেতে উঠছে। এদিকে পর্যটন কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব মিলিয়ে খাগড়াছড়ির পর্যটন এলাকাগুলো এখন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়েছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









