মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সামনে কঠিন দিন আসছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদর উপজেলা, ২৩ মার্চ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলো বেশ কঠিন হবে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়তে পারে। তবে এই সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কিছু ব্যক্তি বেহেশতে যাওয়ার টিকিট দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু ধর্মকে বিক্রি করে কোনো অর্জন সম্ভব নয়। সৎকর্ম ও ইবাদতের মাধ্যমেই কেবল মুক্তি লাভ করা যায়।
এছাড়া প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি খাল খনন কাজ অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। সাম্প্রতিক সময়ে কিছু পাম্পে ভাঙচুরের ঘটনার দিকে ইঙ্গিত করে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো ধরনের মব বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না। কেউ গায়ের জোরে আইন নিজের হাতে তুলে নিলে তা কঠোরভাবে দমন করা হবে। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নেহা নদী পুনঃখনন প্রকল্পের জন্য এক কোটি ৪২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









