মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় নাবিকের মৃত্যু

তেহরান, ২২ মার্চ – ইরান উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে আটকে পড়া এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। নিহত নাবিকের নাম রাকেশ রঞ্জন সিং। তিনি ভারতের রাঁচির বাসিন্দা ছিলেন। ৪৩ বছর বয়সী রাকেশ একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে হরমুজ প্রণালি থেকে ১৪ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরে তার ট্যাংকারটি আটকা পড়ে।

সেখানে টানা ২০ দিন আটকে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বর্তমানে রাকেশের মৃতদেহ দুবাইয়ের শেখ রশিদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছে শোকসন্তপ্ত পরিবার। রাকেশের বড় ভাই উমেশ জানান, জাহাজ কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জানানো হয়েছে যে রাকেশ জাহাজে নিজের চেয়ারে বসা অবস্থা থেকে হঠাৎ অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। উল্লেখ্য, ক্যাপ্টেন রাকেশ রঞ্জন গত ২ ফেব্রুয়ারি এএসপি আভানা নামের একটি জাহাজে কাজে যোগ দিয়েছিলেন।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language