ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২১ মার্চ – দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
শুক্রবার ২০ মার্চ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের এই কূটনীতিক।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পৃথক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের হাইকমিশনার।
বৈঠকের একটি ছবি শেয়ার করে এস জয়শঙ্কর জানান, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অন্যদিকে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশের প্রস্তুতির কথা তিনি তুলে ধরেছেন।
এরপর শুক্রবার সন্ধ্যায় ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে পৃথক বৈঠক করেন এম রিয়াজ হামিদুল্লাহ। এই বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
এ এম/ ২১ মার্চ ২০২৬









