জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট

চট্টগ্রাম, ২১ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিমানবন্দরে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়। একই সঙ্গে, সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমনী এবং একটি বহির্গামী ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে বিমানবন্দরে কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন বিভিন্ন এয়ারলাইনসের মোট সাতটি আগমনী এবং চারটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে। অন্যদিকে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই এবং আবুধাবি রুটের ফ্লাইটগুলোর অচলাবস্থা এখনো কাটেনি।

বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবারের চারটি বাতিল ফ্লাইটসহ শাহ আমানত বিমানবন্দরে এ পর্যন্ত মোট ১৫৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো।

এনএন/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language