রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ী, ১৯ মার্চ – রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়ার পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী একটি শাটল ট্রেন কালিকাপুর রেলওয়ে ব্রিজ অতিক্রম করার সময় ছাদে থাকা ওই যুবকের মাথা ব্রিজের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে দুপুর দুইটা ৩৯ মিনিটে ট্রেনটি কালুখালী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের মরদেহ ছাদ থেকে নিচে নামান। কালুখালী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে এসে পৌঁছানোর পর ছাদে ওই যুবকের মরদেহ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। কালুখালী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের একটি দল কালুখালীতে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ ও অন্যান্য বিষয় নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language