মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও ইরানের সংঘাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক উল্লম্ফন

তেহরান, ১৯ মার্চ – ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করেছে তেহরান। দুই দেশের এই সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ দাম। পাশাপাশি গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলে জ্বালানির দাম আরও ভয়াবহভাবে বাড়তে পারে।

তেলবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওমান ও দুবাই ক্রুডের মতো মধ্যপ্রাচ্যের তেলের মানদণ্ড ইতোমধ্যে ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। এর ফলে ব্রেন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ২০০ ডলারে পৌঁছানো এখন আর অসম্ভব কিছু নয়। তিনি আরও উল্লেখ করেন, এখন থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কতটা বাড়বে তা পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন বন্ধ থাকে তার ওপর। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language