মধ্যপ্রাচ্য

সৌদি আরব, কাতার ও আমিরাতসহ উপসাগরীয় দেশে রাতভর ব্যাপক হামলা

রিয়াদ, ১৯ মার্চ – সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর ব্যাপক ড্রোন ও মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ এবং দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় ১৭টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার ভোরে কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় বেশ কিছু গুরতর আর্থীক ও অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে আকাশে টহলরত যুদ্ধবিমানগুলো ড্রোন ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বাহরাইন রাতভর তিনটি সতর্কতা জারি করে নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি কুয়েতের সামরিক বাহিনীও ড্রোন এবং মিসাইল হামলা প্রতিহত করার তথ্য জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। উল্লেখ্য, গত বুধবার ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার ঘটনা ঘটে। এর পরপরই ইরানের সেনাবাহিনী উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট সব তেল ও গ্যাস শোধনাগারে পাল্টা আঘাত হানার কড়া হুমকি দিয়েছিল।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language