দেশের বাজারে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমল সোনার দাম

ঢাকা, ১৯ মার্চ – দেশের বাজারে সোনার দাম বড় অঙ্কে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
নতুন নির্ধারিত দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় বিক্রি হবে। সোনার পাশাপাশি রুপার দামেও পতন ঘটেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বিরাজমান উত্তেজনার কারণে চলতি মাসের শুরু থেকেই বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। পরবর্তীতে মূল্যের সমন্বয় শুরু হলে দরে ওঠানামা পরিলক্ষিত হয়।
আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষক ওয়েবসাইটগুলোর সূত্র অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি আউন্স সোনার দাম কমার কারণেই মূলত দেশের বাজারে এর প্রভাব পড়েছে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









