শিক্ষা

এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে নতুন নির্দেশনা

ঢাকা, ১৯ মার্চ – ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৮ মার্চ) জারি করা এই নির্দেশনায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে। গঠিত কমিটির প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৫ এপ্রিলের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) দপ্তরে জমা দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, জেলা সদরের পরীক্ষাকেন্দ্রের জন্য জেলা প্রশাসক এবং অন্য জায়গার কেন্দ্রগুলোর জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির চেয়ারম্যান থাকবেন। সদস্য হিসেবে একজন সরকারি ও একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকবেন। যদি ওই এলাকায় কোনো সরকারি বিদ্যালয় না থাকে, তাহলে দুইজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কেন্দ্রের কেন্দ্রসচিব কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন।

বোর্ড অনুমোদিত কেন্দ্রের প্রধান শিক্ষক সাধারণত কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ কারণে তিনি দায়িত্ব নিতে না পারলে কমিটির চেয়ারম্যানের অনুমতি নিয়ে অন্য কোনো যোগ্য প্রধান শিক্ষককে এ দায়িত্ব দেওয়া যাবে। কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি ওই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়, তাহলে তিনি কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

এছাড়া কেন্দ্র কমিটির চেয়ারম্যানকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ধরা হবে। কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে পদমর্যাদা অনুযায়ী একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language