পর্যটন

ঈদুল ফিতর উপলক্ষে পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুত খাগড়াছড়ি

খাগড়াছড়ি, ১৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটিকে কেন্দ্র করে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। হোটেল, মোটেল, পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, হাতিমুড়া এবং ঝুলন্ত সেতু নতুন রূপে সাজানো হয়েছে। রমজান মাসে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকায় ব্যবসায় কিছুটা ভাটা পড়েছিল।

তবে ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ইতোমধ্যে অনেক হোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। স্থানীয় একটি হোটেলের মালিক সালেহ আহমদ জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে তাদের হোটেলের সিংহভাগ কক্ষ আগাম বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটকদের বরণে তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ তিনটি ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবে। পর্যটনকেন্দ্রগুলোতে টহল পুলিশের পাশাপাশি বিশেষ মোবাইল দলও প্রস্তুত থাকবে। জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত জানান, পর্যটকদের ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে ঈদের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের একটি চমৎকার অভিজ্ঞতা উপহার দিতে সর্বত্র উৎসবমুখর প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language