জাতীয়

শহীদ মিনারে শিক্ষার্থী রাকিব হত্যা: ৪ জন গ্রেফতার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

ঢাকা, ১৮ মার্চ – কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিব হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই গ্রেফতারের মাধ্যমে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান এই বিষয়ে দুপুরে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে এবং পরে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে শিহাব উদ্দিন নামের এক তরুণকে হাতেনাতে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। নিহত রাকিব হাসানের সুরতহাল প্রতিবেদনে হত্যার নৃশংসতার প্রমাণ মিলেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ডান বগলের নিচে সাড়ে পাঁচ ইঞ্চি এবং তার ঠিক নিচে প্রায় সাত ইঞ্চি গভীর ক্ষত পাওয়া গেছে। এছাড়া পেটের ডান ও বাম পাশে যথাক্রমে পাঁচ এবং আড়াই ইঞ্চি কোপের দাগসহ শরীরের অন্তত পাঁচটি স্থানে ভয়াবহ আঘাতের চিহ্ন রয়েছে। এর পাশাপাশি পেটের বাম পাশে এবং পিঠে গুলির সুস্পষ্ট ক্ষত শনাক্ত করা হয়েছে।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language