অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু মঙ্গলবার

সংসদ ভবন, ১৭ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করার আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী মঙ্গলবার ২৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। এদিন সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় সভাপতিত্ব করবেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে যে বিশেষ কমিটির সভায় উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। গত ১২ মার্চ সংসদ অধিবেশনের প্রথম দিনে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
এরপর ১৫ মার্চ সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার এসব অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠান। একইসঙ্গে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে পরবর্তীতে অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে ওই অধ্যাদেশ উপস্থাপন করতে হয়।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংসদ কার্যকর না থাকায় সেসময় এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল। অন্যদিকে আগামী ২৮ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দল বিএনপির সংসদীয় দলের একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওই সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আসন্ন সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্যদের ভূমিকা কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়েও এই সভায় আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ এম/ ১৭ মার্চ ২০২৬









