মধ্যপ্রাচ্য

বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা

বাগদাদ, ১৭ মার্চ – ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অন্তত তিনটি ড্রোন এবং চারটি রকেট ব্যবহার করে এই হামলা করা হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানতে সক্ষম হলেও বাকিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই দূতাবাস এলাকার আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে আরও একটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো বর্তমানে চরম হামলার ঝুঁকিতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দূতাবাসে চালানো এই আক্রমণটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, হামলায় অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে একই রাতে বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর একটি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী, ওই হামলায় অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language