জাতীয়

শুরু হলো ঈদুল ফিতরের টানা ছুটি, টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ঢাকা, ১৭ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। শেষ কর্মদিবস পার হওয়ার পর থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের এই বাড়তি চাপ সামলাতে পরিবহনগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিভিন্ন টার্মিনাল পরিদর্শন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চকেও নির্বাহী আদেশে ছুটির অন্তর্ভুক্ত করেছে। এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।

এর আগে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটির প্রস্তাব করা হয়। পরবর্তীতে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবার মতো জরুরি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা এবং ওষুধ বহনকারী যানবাহনগুলোও এই ছুটির বাইরে থাকবে।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language