মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে প্রথমবারের মতো হাইপারসনিক ‘সেজ্জিল-২’ ছুড়ল ইরান

তেহরান, ১৬ মার্চ – যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেজ্জিল ২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। নৃত্যরত ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত এই সেজ্জিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন।

রোববার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। খবরে বলা হয়, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের ১৬তম দিনে এই পদক্ষেপ নেওয়া হলো।

সেজ্জিল ক্ষেপণাস্ত্রের আরও দুটি নাম রয়েছে, সাজ্জিল এবং আশুরা। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যা সর্বোচ্চ ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দুই স্তরের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। এটি উৎক্ষেপণের সময় তরল জ্বালানির পরিবর্তে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এর হাই অল্টিচ্যুড ম্যানুয়েভারিং সক্ষমতার জন্যই একে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলা হয়।

যুক্তরাষ্ট্রের থিংকট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ১৮ মিটার, ব্যাস ১ দশমিক ২৫ মিটার এবং ওজন ১২ হাজার ৬০০ কেজি।

গত নব্বইয়ের দশকে সেজ্জিল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে ইরান, যা ২০০৮ সালে শেষ হয় এবং সে বছরই এর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। সেজ্জিলের দুটি সংস্করণ রয়েছে, স্বল্পপাল্লার সেজ্জিল ১ এবং মাঝারি পাল্লার সেজ্জিল ২। রোববার মাঝারি পাল্লার সংস্করণটিই নিক্ষেপ করেছে ইরান।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language