রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে জ্বালানি সংকটে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ নিয়েও শঙ্কা

রাঙ্গামাটি, ১৫ মার্চ – রাঙ্গামাটিতে তীব্র জ্বালানি তেলের সংকটের কারণে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ডিজেল স্বল্পতায় যাত্রীবাহী লঞ্চ চলাচল নিয়েও গভীর আশঙ্কা দেখা দিয়েছে। রোববার সকালে স্থানীয় স্পিডবোট ঘাটে গিয়ে দেখা যায়, অকটেন না পাওয়ায় কোনো বোট ছেড়ে যায়নি। এতে বিভিন্ন উপজেলাগামী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্পিডবোট ঘাটের লাইনম্যান মো. মহিউদ্দিন জানান, রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে প্রতিদিন ১২ থেকে ১৫টি যাত্রীবাহী স্পিডবোট চলাচল করে।

গত কয়েকদিন কষ্ট করে সেবা সচল রাখা হলেও অকটেন না পাওয়ায় আজ থেকে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তিনি জানান, দ্রুত প্রশাসন পদক্ষেপ না নিলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। অন্যদিকে লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. মঈনুদ্দিন সেলিম বলেন, প্রতিদিন লঞ্চ চলাচলের জন্য প্রায় ১২০০ লিটার ডিজেলের প্রয়োজন হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক আশ্বস্ত করলেও সরবরাহ স্বাভাবিক না হলে লঞ্চ সার্ভিসও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সমস্যা তৈরি হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে মজুত করার অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রাঙ্গামাটির ছয়টি উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, লংগদু ও নানিয়ারচরে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। অথচ শহরের ফিলিং স্টেশনগুলোতেও জ্বালানি তেলের চরম সংকট বিরাজ করছে। তেলের এই ঘাটতির কারণে উপজেলাগুলোতে কৃষি জমির সেচ কাজও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language