মধ্যপ্রাচ্য

আইআরজিসির প্রাণনাশের হুমকির মধ্যেই গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে ‘নিখোঁজ’ নেতানিয়াহু

জেরুজালেম, ১৫ মার্চ – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার সরাসরি হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুকে প্রধান লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরান।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, শিশু হত্যাকারী অপরাধী নেতানিয়াহু যতদিন জীবিত থাকবে, ততদিন পূর্ণ শক্তি প্রয়োগ করে তাকে ধাওয়া করা এবং হত্যার অভিযান অব্যাহত রাখা হবে।

অন্যদিকে এই প্রাণনাশের হুমকির মধ্যেই সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার সংঘাত শুরুর পর প্রথম কোনো উচ্চপর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। কোনো ধরনের পূর্বঘোষণা বা সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই রহস্যময় অনুপস্থিতি ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম অস্থিরতার মধ্যে রবিবার ১৫ মার্চ ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট ও মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাধারণত জাতীয় নিরাপত্তার স্বার্থে আয়োজিত এসব স্পর্শকাতর বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ উল্লেখ করেছে, যেখানে সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, ঠিক সেখানে খোদ প্রধানমন্ত্রীর অনুপস্থিতি সবাইকে হতবাক করেছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব প্রদান করেন।

সংবাদমাধ্যম গ্লোব অবজারভারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজকের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিখোঁজ ছিলেন। তার অবর্তমানে ইসরায়েল কাৎজ এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত তার এই রহস্যময় অনুপস্থিতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। আর ঠিক এরকম একটি অস্পষ্ট পরিস্থিতির মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে তাকে হত্যার এই কঠোর হুঁশিয়ারি প্রকাশ্যে এলো।

এ এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language