মধ্যপ্রাচ্য

কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন হামলার দাবি

কুয়েত শহর, ৬ মার্চ – কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একঝাঁক বিধ্বংসী ও নতুন প্রজন্মের ড্রোন উৎক্ষেপণ করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে এই ঘাঁটিগুলোতে উপর্যুপরি আঘাত হানা হয়েছে এবং এই তৎপরতা আরও কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি জানিয়েছে, তাদের এই অভিযান কেবল কুয়েতেই সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এখন উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও আঘাত হানছে।

আইআরজিসি আরও জানায়, ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ান বিমানবন্দরসহ হাইফা এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও বড় ধরণের হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার বিপরীতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তেহরানের দাবি, কুয়েতের যে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেগুলো থেকে ইরানের ওপর গোয়েন্দা নজরদারি ও সামরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

এনএন/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language