চট্টগ্রাম

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি – কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম ১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এমপি নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে অবস্থিত ইম্পেরিয়াল হসপিটালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়িক প্রয়োজনে কুমিল্লা গিয়েছিলেন এমপি নুরুল আমিন। ফেরার পথে মোহাম্মদ আলী এলাকায় একটি মোটরসাইকেল হঠাৎ গাড়ির সামনে চলে আসে। মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে এমপির বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাতপ্রাপ্ত হন।

বিএনপি নেতা মিয়াজী আরও জানান, বারইয়ারহাটে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ইম্পেরিয়াল হাসপাতালে আনা হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট দেখার পর চিকিৎসকরা বিস্তারিত জানাতে পারবেন।

ইম্পেরিয়াল হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ রাহাত জানান, চিকিৎসকরা এমপিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি চট্টগ্রাম ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language