রমজানে বাজার নিয়ন্ত্রণে আড়াইহাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও দাম সহনীয় পর্যায়ে রাখতে নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দরে পণ্য বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাওন ও মনির হোসেনকে দুই হাজার টাকা করে এবং দেলোয়ার ও সাইফুলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, রমজানে ভোক্তাদের স্বার্থরক্ষা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা ভোক্তা অধিকার ক্ষুণ্ন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









