জাতীয়

‘মুখ বন্ধ করলে জিতিয়ে দেবে’—এমন প্রস্তাব পেয়েও আপস করিনি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের মেরে ফেললেও ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব, মুখ বন্ধ করব না।

সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের এই প্রার্থী বলেন, নির্বাচনের সময় অনেক অপরাধী তার কাছে এসে বলেছে তাদের সঙ্গে সমঝোতা করতে। অনেক ব্যবসায়ীও একই প্রস্তাব দিয়েছে। এমনকি প্রশাসনের লোকজন এসে বলেছে—তুমি চুপ থাকো, আমরা তোমাকে জিতিয়ে দেব। কিন্তু তিনি কারও সঙ্গে আপস করেননি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে ভোট করেন। সেখানে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। তবে নির্বাচনি প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।

সাংবাদিকদের তিনি বলেন, আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে অগ্রভাগে থাকবেন। যারা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি করে, রমজানে আমরা তাদের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছে দেব।

এই এনসিপি নেতা বলেন, ভবিষ্যতে কেউ যদি ঢাকা-৮ আসনে ভোট চুরি করতে আসে—সে কারও স্ত্রী বা ভাতিজা যেই হোক—আমরা তার হাত-পা ভেঙে দেব। এটা ওসমান হাদির আসন, তার স্বপ্নের ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হবেন কি না জানতে চাইলে পাটওয়ারী বলেন, নির্বাচন আমাদের প্রধান লক্ষ্য না, আমাদের লক্ষ্য সিস্টেম পরিবর্তন এবং সে কাজই আমরা চালিয়ে যাব।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language