শিক্ষা

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব শিক্ষামন্ত্রী

বাংলাদেশ, ১৮ ফেব্রুয়ারি – শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেছেন যে জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ মোট দেশজ উৎপাদনের বা জিডিপির তুলনায় এখনো অপ্রতুল।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে শিক্ষা খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি যার ফলে বাজেটে জিডিপির অনুপাতে বরাদ্দ দুই শতাংশের কাছাকাছি রয়ে গেছে।

এই বরাদ্দ পাঁচ বা ছয় শতাংশে উন্নীত করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, একটি রাষ্ট্র গঠনের শুরুর দিকে খাদ্য ও নিরাপত্তা খাতকে গুরুত্ব দেওয়া স্বাভাবিক হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায় তবে তা নিঃসন্দেহে হতাশাজনক। বাজেট বন্টনে অগ্রাধিকার নির্ধারণের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে।

অগ্রাধিকার সঠিক না হলে বাজেটে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। এ সময় তিনি প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গ টেনে বলেন, নেপাল ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের শিক্ষা বাজেট কম। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো যে জরুরি তা বুঝতে বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই।

পাঠ্যক্রম প্রসঙ্গে নতুন শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন সময়ে শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে এবং তা নিয়ে নানা আলোচনা ও সমালোচনাও হয়েছে। যেকোনো পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের নিরিখে হওয়া উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language