মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের এই নিয়োগ চূড়ান্ত করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা এবং বাকি পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।
মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন হুমায়ূন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।
এর আগে একই দিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রীর শপথের পর নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরাও শপথ নেন। এই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের পাশাপাশি ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









