ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেলেন জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

গণসংহতি আন্দোলনের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রিসভায় ডাক পেলেও তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বা পূর্ণ মন্ত্রী নাকি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলীয় সূত্রে জানা গেছে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা নির্ধারণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থীরা সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। এর বাইরে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস একটি করে আসনে জয়লাভ করেছে।

উল্লেখ্য যে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।

এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language