দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার। বায়ুমান সূচকে শহরটির স্কোর ৩৮০। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, আজ সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ুর মান সূচক ছিল ২৬০।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
দূষিত বায়ুর তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি, স্কোর ২২৯। চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৫। পঞ্চম স্থানে ভারতের কলকাতা, স্কোর ২০৯।
উল্লেখ্য, কোনো শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত তা লাইভ বা তাৎক্ষণিকভাবে জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়।
স্কোর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। আর ৩০১-এর বেশি হলে সেটিকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









