শিক্ষা

রোজায় প্রাথমিক বিদ্যালয় খোলা নাকি বন্ধ, জানা গেল অধিদপ্তরের পরিকল্পনা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – আসন্ন পবিত্র রমজান মাসে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তবে উচ্চ আদালতের এই নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। ফলে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ ঘোষণা করা হবে তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে তারা ইতিমধ্যে একটি বাৎসরিক ছুটির তালিকা প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবিত ওই তালিকায় রমজান এবং ঈদুল ফিতরসহ কয়েকটি উপলক্ষ মিলিয়ে মোট ১৯ দিন বিদ্যালয় বন্ধ রাখার কথা উল্লেখ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর হওয়ার কথা। তবে ছুটির এই তালিকাটি এখনো অধিদপ্তরের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে অধিদপ্তরের উপ পরিচালক জয়নাল আবদীন জানান হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো নির্দেশনা নেই। যতদূর জানা গেছে ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের কথা বলা হয়েছে। প্রাথমিকের বিষয়ে অধিদপ্তর ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির প্রস্তাব রেখেছে। তবে এই সিদ্ধান্ত বহাল থাকবে নাকি পরিবর্তন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language