টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির বিরল ‘পাখি মাছ’

টেকনাফ, ১৬ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির মাছ। স্থানীয়ভাবে এটি ‘পাখি মাছ’ বা ‘মাইট্যা’ মাছ নামে পরিচিত হলেও মৎস্য বিশেষজ্ঞদের মতে এটি ‘সেইলফিশ’ বা মার্লিন প্রজাতির মাছ।
রবিবার সন্ধ্যায় প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। শনিবার সকালে শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা সাব্বির আহমেদের মালিকানাধীন একটি ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।
উপকূলে আনার পর স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলম ৪০ হাজার টাকায় মাছটি কিনে নেন। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের উপরের পাখনাটি পাখির ডানার মতো প্রসারিত হওয়ায় স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বলে ডাকেন। গভীর সমুদ্রের বাসিন্দা হওয়ায় উপকূলীয় এলাকায় সচরাচর এই মাছের দেখা মেলে না। ক্রেতা সৈয়দ আলম জানিয়েছেন, এত বড় আকারের মাছের উপযুক্ত দাম স্থানীয় বাজারে পাওয়া কঠিন। তাই বরফ দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় অধিক লাভের আশায় মাছটি চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









