মির্জা আব্বাসের কাছে হেরেও উচ্চকক্ষে যাওয়ার সুযোগ নাসীরুদ্দীনের

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষে বা সিনেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।
গণভোটে বিজয়ের পর জুলাই সনদের রূপরেখা অনুযায়ী গঠিত হতে যাওয়া এই উচ্চকক্ষে এনসিপির প্রতিনিধি হিসেবে তার নামই সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উচ্চকক্ষে মোট ১০০ জন সদস্য থাকবেন এবং জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের শতাংশের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো তাদের সদস্য মনোনয়ন দেবে। এবারের নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে যা মোট প্রদত্ত ভোটের ৩ দশমিক ২১ শতাংশ।
আনুপাতিক এই হারে দলটি উচ্চকক্ষে অন্তত তিনটি আসন পেতে পারে। দলীয় সূত্রমতে সম্ভাব্য এই তিনটি আসনের তালিকায় শীর্ষেই রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নেন তবে উচ্চকক্ষে যোগ নাও দিতে পারেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায় ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন যে উচ্চকক্ষে মনোনয়নের বিষয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে এবং শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









