সেলফি তুলে ফেসবুকে পোস্টের পরেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারি – রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এক যুবক। সেই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্রুতগতিতে ছুটে আসে ট্রেন। সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। রবিবার কুমিল্লার লালমাই এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মহি উদ্দিন (৩২)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। মহি উদ্দিনের বাড়ি বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। পরে রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, শুভ সকাল। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায়।
ট্রেন আসতে দেখে সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি লাইনের ওপর পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন বলে জানান তিনি।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









