নতুন মন্ত্রিসভার শপথ: প্রস্তুত হচ্ছে ৫০টি গাড়ি ও বঙ্গভবন

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – নতুন সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী মঙ্গলবার এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সরকারি যানবাহন অধিদপ্তর প্রয়োজনীয় গাড়ি প্রস্তুত রাখার কাজ শুরু করেছে।
রবিবার রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত সরকারি যানবাহন অধিদপ্তরের মিলনায়তনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০টি গাড়ি ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যবহৃত গাড়িগুলোও রয়েছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে তাদের গাড়ি জমা দিয়েছেন। শপথের জন্য আমন্ত্রিত নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পতাকাস্ট্যান্ড ও মনোগ্রামযুক্ত গাড়ির চাহিদাপত্র পাঠানো হয়েছে।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. খায়রুল কবীর মেনন জানান, নির্দেশনা অনুযায়ী ল্যান্ডক্রুজার ও কেমব্রিজ মডেলের গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। নতুন কোনো গাড়ি কেনা হয়নি, বরং ১০ বছরের পুরনো গাড়িগুলোই রক্ষণাবেক্ষণ করে সচল রাখা হয়েছে। ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ি হাতে রাখা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রীদের নিরাপত্তার জন্য গানম্যান ও প্রটেকশন টিম প্রস্তুত রয়েছে। শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রায় এক হাজার অতিথির আসনবিন্যাস ও আপ্যায়নের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









