রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আগুনে পুড়ল আসবাব ও ছবি

নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন। এর আগে ভোরের দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে থাকা কার্যালয়টি লক্ষ্য করে হামলা করা হয়।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল বলেন, ভোর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে আগুন ধরে গিয়ে ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। আগুনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবিও পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের অন্ধকারে কার্যালয়ে হামলা চালিয়ে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয় যারা মেনে নিতে পারেনি, তারাই এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। তবে তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন, পরাজিতরা ষড়যন্ত্র করলেও তারা কোনো উসকানিতে পা দেবেন না।
ঘটনাস্থলের পাশে একটি উন্নয়ন প্রকল্পে দায়িত্বরত প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে অজ্ঞাত একজন ব্যক্তি তাকে বাইরে বের হলে মারধরের হুমকি দেন। পরে তিনি কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬








