নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান যে পর্যবেক্ষক দলের কাছে এমন কোনো সরাসরি প্রতিবেদন আসেনি যেখানে নির্বাচনের সময় কোনো সংখ্যালঘু গোষ্ঠী আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। তবে পর্যবেক্ষক দল লক্ষ করেছে কিছু অঞ্চলে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতির হার তুলনামূলক কম ছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন যা তাদের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল এবং স্বচ্ছ হিসেবে অভিহিত করে বলেন যে তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে এটি একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে।
আকুফো-আডো আরও উল্লেখ করেন যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা লক্ষ করেছেন যদিও দেশের একটি প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি তবুও প্রার্থীর নিবন্ধন ও ফল গণনা প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত ছিল এবং প্রায় ২ হাজার প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









