জাতীয়

নতুন সরকারের শপথ: বঙ্গভবনে থাকবেন ১ হাজার অতিথি, প্রস্তুতি শেষ পর্যায়ে

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বঙ্গভবনে আয়োজিত হতে যাওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতিমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কর্মদিবস বিবেচনা করে আগামী ১৭ তারিখের মধ্যেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শপথের পর নির্বাচনে অংশ নেওয়া দলগুলো তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতিকে বিষয়টি অবহিত করার পর সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

পরবর্তীতে সুবিধাজনক সময়ে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। পুরো প্রক্রিয়াটি আগামী তিন থেকে চার দিনের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত। স্পিকার, ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। তবে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতিই পড়াবেন।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language