জাতীয়

তারেক, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও ধন্যবাদ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন রাজনৈতিক নেতাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন। আলাপকালে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে রাজনৈতিক দলগুলোর পরিমিতি ও দায়িত্বশীল আচরণের ফলেই নির্বাচন ঘিরে সারাদেশে একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনে তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অভিনন্দন জানান।

পরবর্তীতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপি নেতা নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ড. ইউনূস আশা প্রকাশ করেন যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ আচরণ করবে এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language