মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হোতা ইমন হত্যা মামলায় ৬ জনের রিমান্ড মঞ্জুর

ঢাকা, ১৬ এপ্রিল – ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং এলেক্স গ্রুপের হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয় আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা এবং রাসেল ওরফে পিচ্চি রাসেল।
এর আগে গত রোববার বিকেলে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় প্রতিপক্ষের সদস্যরা ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরদিন ইমনের মা ফেরদৌসী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ আসামিদের গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছিলেন। শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে রিমান্ডের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায় যে পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনের ওপর এলোপাতাড়ি কুপিয়ে হামলা চালানো হয়েছিল। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









