পটুয়াখালী

ভোটারদের ঢাকায় ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন এমপি নুর

পটুয়াখালী-৩, ১৪ ফেব্রুয়ারি – পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর নিজ সংসদীয় এলাকার ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ঢাকায় ফেরার জন্য তিনি ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক বার্তায় নুরুল হক নুর জানান, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা ও দশমিনার সম্মানিত ভোটারদের সুবিধার্থে এই আয়োজন করা হয়েছে। তাঁর পক্ষ থেকে দেওয়া ‘রয়েল ক্রুজ-০২’ নামের লঞ্চটি শনিবার বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে ছেড়ে আসে। লঞ্চটি চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া ও চাঁদপুর হয়ে ঢাকায় পৌঁছাবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে ওই আসনে বিজয়ী হন। নির্বাচন পরবর্তী সময়ে ভোটারদের নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছে দিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language