ময়মনসিংহ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভালুকা, ১৪ ফেব্রুয়ারি – ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ৮টা থেকে শেফার্ড গ্রুপ জিন্স লিমিটেডের শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ সূত্রে জানা যায় এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা টাকা পরিশোধ না করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়া কারখানাটি হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ তৈরি করেন। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকরা।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তী সময়ে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবি মেনে নেওয়া এবং ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language