ফাঁসির সেল থেকে সংসদে: বাবর, পিন্টু ও আজহারুল ইসলামের বিপুল বিজয়

নেত্রকোনা-৪, ১৩ ফেব্রুয়ারি – সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মো. লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তারা কারাগার থেকে মুক্তি পান এবং নির্বাচনে অংশগ্রহণ করেন। এর আগে পৃথক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তারা দীর্ঘ দিন কারাগারে বন্দি ছিলেন।
নেত্রকোনা ৪ বা মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাবরের গ্রামের বাড়ি মদন উপজেলার বাড়িবাদেরা এলাকায় এবং এ নিয়ে তিনি এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। অন্যদিকে টাঙ্গাইল ২ বা গোপালপুর ও ভূঞাপুর আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। তিনি জেলার আটটি আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট এবং সর্বোচ্চ ব্যবধানে জয়ী হওয়ার রেকর্ড গড়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এছাড়া রংপুর ২ বা তারাগঞ্জ ও বদরগঞ্জ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। আসনটির ১৩৭টি কেন্দ্রে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।
এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









