আমি ভোট দিয়েছি, আপনারাও দিন: মিজানুর রহমান আজহারী

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – জনপ্রিয় ইসলামী আলোচক ও আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী নিজের ভোটাধিকার প্রয়োগ করে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে ভোট প্রদান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি জানান যে তিনি ভোট দিয়েছেন এবং সবার উচিত ভোট দিয়ে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এর আগে বুধবার ভোটের গুরুত্ব তুলে ধরে আরেকটি পোস্টে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছিলেন যে ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমন সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা ঠিক তেমনই বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা না করা। তিনি আরও উল্লেখ করেন যে জেনে শুনে অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেয়া যেমন খেয়ানত এবং তেমনই দায়িত্বপ্রাপ্ত হয়ে সুশাসন ও জনগণের অধিকার নষ্ট করাও খেয়ানত। এদিকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে একটি ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দিচ্ছেন। অপর ব্যালটটি জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য যেখানে প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না সেই বিষয়ে হ্যাঁ অথবা না ভোট প্রদান করছেন ভোটাররা। সাধারণ মানুষের পাশাপাশি এই নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন আলেম ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্বরা। এরই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে যে এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ইসি সচিব জানান যে সারাদেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। গ্রামীণ এলাকায় ভোটার উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









